ধ্রুবশ্রী: এক ব্যথার নক্ষত্র

👁️ 12 ভিউ↗ 0 শেয়ার💬 0 মন্তব্য
বুকমার্ক রাখতে লগইন করুন

ধ্রুবশ্রী,
তুমি কি জানো, তোমার না থাকা মানে-
এক নিঃসঙ্গ জোছনা,
যে পূর্ণিমার রাতে এলেও আলো দেয় না,
এক মহাসাগর, যার ঢেউগুলো মৃত,
যেন বিস্মৃত কোনো রাগের একলা সুর।

তোমার চলে যাওয়া মানে
মরে যাওয়া এক চৈত্র দুপুর
শুষ্ক পদ্মবিল, নীল শাপলা আর ফোটে না।
তুমি ছিলে আমার গোধূলির শেষ রঙ,
যে অস্ত যাওয়া সূর্যের সঙ্গী হয়ে হারিয়ে গেল
নীলিমার অতল গহ্বরে।

আমি আজও পথ চলি ধুলোমাখা শহরের গলিতে,
যেখানে বাতাসে ঝুলে থাকে তোমার শেষ কথাগুলো,
যেন গোধূলির আকাশে একলা উড়তে থাকা কাকের ডানা।

তোমার নাম ধরে ডাকলে
নিঃসঙ্গ দোয়েলটি আজও সাড়া দেয়,
কিন্তু প্রতিধ্বনি হয়ে ফেরে না তুমি!
তোমার স্মৃতি আজও জেগে থাকে
পুথির পৃষ্ঠায় আঁকা কোনো মন্দাকিনী হয়ে,
যার জল টলমল করে, কিন্তু ছোঁয়া যায় না।

তুমি যেন সেই দূর নক্ষত্র,
যাকে রাতভর এক পলক দেখে থাকি,
তবু যার আলো আমাকে আর ছুঁতে আসে না।

ধ্রুবশ্রী,
তোমার অভাব মানে
একটা শীতল নিঃশ্বাস, যা বুকের পাঁজর ফুঁড়ে বেরিয়ে আসতে চায়,
কিন্তু পারে না,
একটা কান্না, যা দীর্ঘশ্বাস হয়ে ঝরে পড়ে,
তবু কেউ শোনে না।

তুমি কি জানো?
তোমার না থাকাটা এক অমর বিরহ,
যে প্রতিটি জন্মে আমাকে পুড়িয়ে যাবে
ধ্রুবতারা হয়ে থাকা তোমার চিরস্থায়ী আলোয়!

আমি আজও সেই পুরোনো গলিতে দাঁড়িয়ে থাকি,
যেখানে একদিন তোমার নামের উষ্ণতা লেগেছিলো বাতাসে।
আমি আজও রাতের আকাশে খুঁজি
সেই হারিয়ে যাওয়া ধ্রুবতারা,
যার নাম ছিল ধ্রুবশ্রী!

পাঠকের মতামত

মন্তব্য ও আলোচনা

0 মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। আপনার মতামত দিয়ে আলোচনার শুরু করুন।

সাহিত্য খুঁজুন

লেখার শিরোনাম, লেখক বা পছন্দের বিষয় দিয়ে খুঁজুন।

লেখক ও পাঠকের প্রোফাইল খুঁজুন →